খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান সাবেক ছাত্রনেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চ নিয়ে কটাক্ষ করে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। একই সঙ্গে তাঁরা সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা এই আহ্বান জানান। এ ছাড়া ১৫টি ছাত্রসংগঠন ও সাতটি ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের অনুরোধ জানায়।বিরোধীদলীয় নেতা শুক্রবার মুন্সিগঞ্জের জনসভায় গণজাগরণ মঞ্চকে নাস্তিকদের মঞ্চ বলে অভিহিত করেন। বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, বিএনপি শুরুতে জাগরণ মঞ্চের প্রতি সমর্থন জানালেও এখন একেবারেই বিপরীত মেরুতে। কিন্তু কোনো ধরনের অপপ্রচারই এই আন্দোলন থেকে আমাদের নিবৃত্ত করতে পারবে না।বিবৃতিতে স্বাক্ষর করেন সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক, মুশতাক হোসেন, সাইফুল হক, মিজানুর রহমান মানু, আসাদুল্লাহ তারেক, রাগীব আহসান, রুহিন হোসেন, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, বেলাল চৌধুরী, শফি আহমেদ প্রমুখ। এ ছাড়া ১৫টি ছাত্রসংগঠনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশের পাঁচ কোটি তরুণ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ ঘটিয়েছেন। এঁরা যদি ‘নষ্ট তরুণ’ হন, তবে ভালো ছেলে কারা?বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের (জাসদ) সভাপতি হোসাইন আহমেদ তফসির, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারেক, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রমুখ। বিরোধীদলীয় নেতার বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তাদের বিবৃতিতে স্বাক্ষর করেছেন নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, আসাদুজ্জামান নূর, আহকাম উল্লাহ, মান্নান হীরা প্রমুখ।বাংলাদেশ যুব মহিলা লীগ এবং পেশাজীবী সমন্বয় পরিষদও খালেদা জিয়ার বক্তব্যে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।