খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে দেশে আগুন জ্বলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। এ জন্যই খালেদা জিয়া ও তাঁর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে সরকার। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে সারা দেশে আগুন জ্বলবে। দয়া করে সারা দেশে আমাদের আগুন জ্বালাতে বাধ্য করবেন না।’ গতকাল সোমবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির তৃণমূল কর্মীদের সভায় খন্দকার মাহবুব এসব কথা বলেন।পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে খন্দকার মাহবুব বলেন, ‘আপনাদের আমলনামা লেখা হচ্ছে, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, আমাদের রক্তের পয়সায় আপনাদের বেতন-ভাতা চলে। আপনারা দলীয় লোক নন। তাই কোনো দলের পক্ষ নিয়ে কাজ করবেন না।’উপজেলা বিএনপির সভাপতি নিয়াজ মোরশেদের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুব হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, বরগুনা সদর উপজেলা বিএনপির সভাপতি আ. হালিম, পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মতিউর রহমান মোল্লা প্রমুখ।