খালেদা জিয়াকে বাড়ি থেকে ‘উচ্ছেদের’ প্রতিবাদে মিছিল সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এসব সমাবেশ থেকে তাঁরা আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন। সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে খালেদা জিয়ার করা রিটটি গত ১৩ অক্টোবর আদালত খারিজ করে দেন। আদালতের রায়ে বলা হয়েছে, এই বাড়ির ইজারা চুক্তি লঙ্ঘন করা হয়েছে। আর ওই ইজারাও ছিল অবৈধ।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: মিছিল শেষে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার বাসভবন নিয়ে সরকারের হীন রাজনীতির সমালোচনা করেন। সাতক্ষীরা: সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সৈয়দ ইফতেখার আলী, তাজকিন আহমেদ চিশতি, হাবিবুর রহমান, আবু জাহিদ ডাবলু, আবুল হাসান, হাফিজুর রহমান মুকুল প্রমুখ। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।নোয়াখালী: দুপুর ১২টর দিকে শহরের জেলা জামে মসজিদ এলাকা থেকে ছাত্রদল মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে সমাবেশে ছাবের আহম্মদ, বিএনপির নেতা আবু নাছের, আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য দেন। কুমিল্লা: বিকেলে শহরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী। ঝিনাইদহ: সকালে শহরের পোস্ট অফিস মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আবদুল মালেক, এম এ মজিদ, জাহিদুজ্জামান, আশরাফুল ইসলাম, কামাল আজাদ প্রমুখ। হরিণাকুণ্ডুতে উপজেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে। নীলফামারী: বেলা ১১টার দিকে শহরে ছাত্রদলের একটি মিছিল বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, আবদুস ছালাম প্রমুখ। পঞ্চগড়: দুপুরে দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করলে চৌরঙ্গী মোড়ে পুলিশ বাধা দেয়। পরে ওই কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সাবেক সাংসদ রীনা পারভীন, বিএনপির নেতা নাজমুল হক, জাহিরুল ইসলাম, এ এ মজিদ, ছাত্রদলের আবু আনছার বক্তব্য দেন।মিরসরাই (চট্টগ্রাম): খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নেওয়ার খবরে সকাল থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। বেলা ১১টায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল শেষে তাঁরা প্রায় আধাঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।চাঁদপুর: বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়। পরে সেখানে প্রতিবাদ সভা হয়। একই সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজীর নেতৃত্বে চাঁদপুর সরকারি কলেজ থেকে মিছিল বের হয়ে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।