খালেদা জিয়াকে ভুলের মূল্য দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণ-আন্দোলনের নামে বিএনপি জিঙ্গ-সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হত্যা ও জানমালের ক্ষতি করে বিএনপি নেত্রী জামায়াতের কাজগুলো করে দিচ্ছেন। তবে জনগণকে সঙ্গে নিয়ে তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে খালেদা জিয়া ভুল করেছেন। কিন্তু তাঁর এই ভুলের মাশুল কেন দেশ ও জনগণ দেবে? যেহেতু তিনি ভুল করেছেন, সেহেতু তাঁকেই ভুলের মূল্য দিতে হবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নেত্রী দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছেন আর তাঁর অবরোধ হলো হত্যা ও জ্বালাও-পোড়াও। মানুষকে পুড়িয়ে মারা, মানুষ খুন করা—এগুলো কোনোভাবেই গণ-আন্দোলন হতে পারে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা গণ-আন্দোলন না, এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড।
নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় ‘ব্যথিত হয়ে’ বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তবে তারা নির্বাচন বানচাল করার নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানোসহ তাণ্ডব চালিয়েছিল। আর নির্বাচন না হলে সেই ২০০৭ সালের মতো আবার জরুরি অবস্থা, আবার অগণতান্ত্রিক কোনো শাসনব্যবস্থা দেশে আসত।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্ষমতায় আসার জন্য বিএনপি ‘বিদেশিদের’ গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল। তিনি বলেন, ‘আমার ওপর প্রচণ্ড প্রেশার ছিল যে বাংলাদেশে এত গ্যাস, এই গ্যাস বিক্রি করতে হবে।’
দেশ ও দেশের মানুষের জন্য তিনি যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত বলে জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বিশ্বে চলতে পারে সে ব্যবস্থা করতে তিনি কাজ চালিয়ে যাবেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তিনি বিশিষ্ট অর্থনীতিবিদদের সহায়তাও চান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে এমন একটি মর্যাদার আসনে নিয়ে যেতে চাই, যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন হবে না, অথবা অর্থনৈতিক সহায়তার জন্য আমাদের অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী চার বছরের মধ্যে দারিদ্র্যের হার ১০ শতাংশে নেমে আসবে।
আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমিতির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সমিতির সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়।
এ ছাড়া স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চারজন বিশিষ্ট অর্থনীতিবিদকে অর্থনীতি সমিতি স্বর্ণপদক দেওয়া হয়। তাঁরা হলেন: বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ অশোক মিত্র, স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসী সরকারের পরিকল্পনা সেলের সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন (মরণোত্তর) এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকার (মরণোত্তর)।
তিন দিনব্যাপী এই সম্মেলন আগামীকাল শনিবার শেষ হবে। এতে বিভিন্ন কর্ম-অধিবেশনে শতাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য: ‘রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন পুনর্ভাবনা।’ শেষ দিন সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০১৪-১৬ কার্যবছরের কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।