খালেদা জিয়াকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রেসক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ইফতার অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেয়নি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। এর নিন্দা জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত সাংবাদিকদের দুটি ইউনিয়ন।
প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কারণে খালেদা জিয়াকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে ইফতার অনুষ্ঠান নিয়ে ক্লাব কর্তৃপক্ষের আপত্তি নেই।
গতকাল সোমবার জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ওই ইফতারে খালেদা জিয়াকে আসতে না দেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, ২১ জুন প্রেসক্লাবে বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) (একাংশ) ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। কিন্তু ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নিরাপত্তার অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে ক্লাব চত্বরে ইফতার মাহফিলে আসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
শওকত মাহমুদ বলেন, নিরাপত্তার অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপারসনকে প্রেসক্লাবে আসতে বাধা দেওয়া কোনোভাবেই কাম্য নয়। ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত জাতীয় প্রেসক্লাবের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য ও ভাবমূর্তিকে চরমভাবে নস্যাৎ করেছে। তিনি ক্লাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের স্বার্থে ক্লাব কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ক্লাবেব সাবেক এই সভাপতি বলেন, শুধু স্বৈরাচার এরশাদের এই ক্লাবে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু পতিত স্বৈরাচার এরশাদকেও ক্লাবে আসতে দেওয়া হচ্ছে, কিন্তু খালেদা জিয়াকে বাধা দেওয়া হচ্ছে।
গতকালের সংবাদ সম্মেলনে বর্তমান ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক ইলিয়াস খান বলেন, তিনি ও নির্বাহী কমিটির সদস্য হাসান হাফিজ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বারবার আপত্তি জানালেও অত্যন্ত হাস্যকরভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমদ বলেন, এতে ক্লাবের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও কাদের গনি চৌধুরী বক্তব্য দেন।