খালেদা জিয়াকে সতর্ক করে রিটার্নিং কর্মকর্তার চিঠি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করে চিঠি দিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দুই রিটার্নিং কর্মকর্তা। চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর গাড়িবহরের কতিপয় ব্যক্তি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করেছেন।
তবে এই চিঠিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই। ‘কতিপয় ব্যক্তি’র বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গতকাল শনিবার সকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ-সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হয়। পৃথক দুই চিঠিতে সই করেছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও উত্তরের কর্মকর্তা শাহ আলম। চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গতকাল কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া আচরণবিধি মেনে একটি গাড়ি নিয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন। কিন্তু তিনি সব জায়গায় গাড়িবহর নিয়ে যাচ্ছেন এবং জনগণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। এটি করা যাবে না। করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য তাঁকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কতিপয় ব্যক্তির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে যাঁরা ছিলেন, তাঁরাই কতিপয় ব্যক্তি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রথম আলোকে বলেন, ‘দুই রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার উদ্দেশে দুটি অনুরোধপত্র পাঠিয়েছেন। তাঁকে সতর্ক করে কোনো চিঠি দেওয়া হয়নি। তবে আমরা মনে করি, কমিশন এটি সরকারের প্ররোচনায় করেছে। খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে তো কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
খালেদা জিয়ার উদ্দেশে লেখা দুই চিঠিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল থেকে গণমাধ্যমে যেসব সংবাদ প্রচার হচ্ছে, তা পর্যালোচনা করলে দেখা যায়, ঘটনাবলি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
চিঠিতে খালেদা জিয়াকে অবগত করে লেখা হয়েছে, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো ধরনের জনসভা ও শোভাযাত্রা করা যাবে না। যান চলাচল ও মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে—এমন সড়কে পথসভা বা মঞ্চ তৈরি করা যাবে না।
মিছিল, যানবাহনসহকারে মিছিল বা কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি কারও ব্যক্তিগত চরিত্র হনন করে বা কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক, লিঙ্গ, সাম্প্রদায়িক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে—এমন কোনো বক্তব্য দিতে পারবেন না। অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কারও শান্তি নষ্ট করা যাবে না।
এর আগে এ বিষয়ে শুক্রবার রাতে কমিশন থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে খালেদা জিয়ার প্রচারণার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।