খালেদা জিয়াকে সাংগঠনিকভাবে শায়েস্তা করতে বললেন মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে সাংগঠনিকভাবে শায়েস্তা করতে হবে, তা না হলে তিনি আরও অশান্তি সৃষ্টি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘শয়তানের বংশধর’ এবং তারেক রহমানকে ‘শয়তানের বাছুর’ আখ্যা দিয়ে বলেন, ‘তারেক মুক্তিযুদ্ধের সময় শয়তানের সঙ্গে ক্যান্টনমেন্টে ছিল। সে তাই মুক্তিযুদ্ধ দেখেনি। এই বাছুর কোনো পাগল না। বাছুর যা বলেছে তা হলো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।’
নববর্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা: বর্ধিত সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী ঘোষণা দেন, বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সকাল আটটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
এ ছাড়া ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে মহানগর আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দলের মহানগরের নেতা ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।