খালেদা জিয়াকে হানিফের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জনগণের মন জয়ের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় এ পরামর্শ দেন হানিফ। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ের কারণে আন্দোলনের হুমকি দিয়েছেন খালেদা জিয়া। গতকাল (১৫ মার্চ) আইনজীবীদের সঙ্গে আলাপকালে আবার রাজপথে নামার কথা বলেছেন জোট নেত্রী।

খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘তিনি তো রাজপথেই আছেন। আপনার আন্দোলনে দেশের মানুষের কী হয়েছে, অশান্তি ছাড়া? দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা চান না?’

বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে হানিফ বলেন, দয়া করে নিজেদের ব্যর্থতার জন্য মানুষকে কষ্ট দেবেন না। জনগণের মন জয় করার চেষ্টা করুন। হয়তো ২০১৯ সালের একাদশ নির্বাচনে আপনাদের নিয়ে জনগণ ভাবতে পারে।

আলোচনা সভায় দেশের জনগণকে বিএনপি-জামায়াতের নাশকতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান হানিফ।

কুষ্টিয়া থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, একাত্তরে পরাজিত শক্তি দেশে অশান্তি বিশৃঙ্খলা করতে চায়। তারা ২০১৩ সালে বিনা কারণে গোটা দেশে অশান্তি তৈরি করেছে। গত বছরে এমন কোনো নাশকতা নেই যা তারা করেনি। এটা শুধু যুদ্ধাপরাধীদের বিচার ও দুর্নীতিবাজ নেতাদের বিচার বন্ধ করার জন্য।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ইনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।