খালেদা জিয়াকে ১০ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ আগস্ট বিশেষ জজ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার এ মামলায় খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। তিনি নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি উল্লেখ করে তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম তা মঞ্জুর করে ১০ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ প্রথম আলোকে বলেন, এ মামলায় গতকাল শুধু আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এ মামলার আরও দুই আসামির পক্ষে মামলার কার্যক্রম স্থগিত আছে। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত ১০ আগস্ট তাঁকে উপস্থিত থাকার আদেশ দিয়েছেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।