খালেদা জিয়াকে ১৭ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় ১৭ এপ্রিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আর পলাতক আসামি হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল এ মামলায় খালেদা জিয়াসহ চার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে যাননি। খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন সময় আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আইনজীবীদের বলেন, এবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করা হলো। পরবর্তী ধার্য তারিখে খালেদা জিয়া হাজির না হলে, আইনের গতিতে মামলা চলবে। আদালত ১৭ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।
জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। তাঁদের পক্ষে সময় চেয়ে করা আবেদন আদালত নাকচ করেন। পরে জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এ মামলায় পলাতক আসামি হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
৩১ মার্চ সাক্ষ্য কার্যক্রম সমাপ্ত করে আসামিপক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন আদালত।
একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলারও বিচার চলছে। এ মামলায় তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদকে গতকাল খালেদা জিয়ার পক্ষে জেরা শুরু হয়েছে। জেরা শেষ না হওয়ায় ২১ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
নিজস্ব প্রতিবেদক জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এর ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম যথারীতি চলবে।