খালেদা জিয়াকে 'স্বাধীনতা বিরোধীদের নেতা' বলার প্রতিবাদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘এখন স্বাধীনতাবিরোধীদের নেতা’ বলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ। পরিষদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮৬ জন স্বাক্ষরকারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই সরকার হত্যা, গুম, লুণ্ঠন ও নির্যাতন চালিয়ে পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। সংখ্যালঘুদের ওপর পরাজিত আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রতিদিন হামলা চালাচ্ছে, আর এর দায় বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চাপানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার নিজেই।
বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা গণপরিষদের নেতারা বলেন, ‘স্বাধীনতার ঘোষক’ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে এ ধরনের বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করছেন।
স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন: শাহজাহান ওমর, জাফরুল্লাহ চৌধুরী, মে. জে. (অব.) ফজলুর রহমান, মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মেজর (অব.) আক্তার আহম্মেদ, ইশতিয়াক আজীজ উলফাত, সাদেক আহমেদ খান। বিজ্ঞপ্তি।