খালেদা জিয়ার অপেক্ষায় রাজবাড়ী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়েছেন। বিকেলে সেখানকার রেলওয়ে মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে রাজবাড়ী বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে।
৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই ঢাকার বাইরে বিএনপির চেয়ারপারসনের প্রথম জনসভা। জনসভায় যোগ দিতে বেলা ১১টার পর গুলশানের বাসভবন থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি। বেলা দুইটায় শহরের শহীদ খুশি রেলওয়ের মাঠে ১৯-দলীয় জোট এই জনসভার আয়োজন করেছে।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও ১৯-দলীয় জোটের নেতারা বক্তব্য দেবেন।
জনসভা সফল করতে ইতিমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় প্রধানের আগমন উপলক্ষে জেলার দৌলতদিয়া ঘাট থেকে জনসভাস্থান পর্যন্ত রাস্তার দুই পাশে টাঙানো হয়েছে বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন।
নেতা-কর্মীদের সৌজন্যে নির্মাণ করা হয়েছে বিভিন্ন আকারের তোরণ। শহরে বিরাজ করছে সাজ সাজ রব। নেতা-কর্মীরা উত্ফুল্ল। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হচ্ছেন। তাঁদের মাথায় জনসভার লাল টুপি। মঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিএনপির কর্মী মোহাম্মদ ইসলাম ও মনিরুজ্জামান জানান, কয়েকবার রাজবাড়ীতে খালেদা জিয়ার আসার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। এবার তিনি আসছেন। আবার দীর্ঘদিন পর উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। এসব কারণে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জেলা বিএনপির সভাপতি নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেওয়ার বিষয়টি আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা।’ ভোটারবিহীন নির্বাচনের পর আজকের এই জনসভা থেকে নেত্রী আন্দোলনের নতুন দিকনির্দেশনা দেবেন বলে আশা করছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া বেলা ১১টা পাঁচ মিনিটে গুলশানের বাসভবন থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন। পথে দলটির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মাজার জিয়ারত করবেন। দুপুরে রাজবাড়ীতে পৌঁছানোর পর সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল চারটার দিকে জনসভাস্থলে যাবেন।
খালেদা জিয়া রাজবাড়ীতে এই মাঠে ২০০৬ সালে সর্বশেষ ভাষণ দেন। এর পর চারবার খালেদা জিয়ার জনসভা বাতিল করা হয়।