খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন ৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।

এদিকে একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য দিন ধার্য ছিল। ওই মামলায়ও সময়ের আবেদন করা হলে আদালত ৫ জানুয়ারি তারিখ ধার্য করেন।

পুরান ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির বিচার চলছে।

আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। এরই ধারাবাহিকতায় বেলা সোয়া ১১টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। তাঁর সঙ্গে নাতনি জাফিয়া রহমান ছিলেন। জাফিয়া রহমান প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে।

আজ খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আদালতকে বলেন, এই মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য বাতিল চেয়ে আবেদন মাননীয় আদালত নাকচ করেছেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা আবশ্যক। শুনানি শেষে ৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তাঁর একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এর মধ্যে হারিছ চৌধুরী পলাতক। বাকিরা জামিনে আছেন।

২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।