খালেদা জিয়ার আচরণের ধিক্কার জানাই: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আচরণে জাতি হতাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি জাতির সঙ্গে বেঈমানি ও মুনাফিকি করেছেন। আমরা তাঁর এই আচরণের ধিক্কার জানাই।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়ার আচরণে সংলাপ ভেস্তে গেলে এর সবকিছুর দায়ভার তাঁকেই নিতে হবে। সংলাপ করতে প্রধানমন্ত্রী অনেক ছাড় দিয়েছেন। আর ছাড় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এখন বিরোধী দল এগিয়ে না এলে সংলাপের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা থাকবে।’
মন্ত্রী, বিচারপতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, নাশকতাকারী একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সংলাপের ভবিষ্যত্ অন্ধকারে। কারণ, বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী হরতাল করছে। তাদের একগুঁয়েমির কারণে সংলাপের ভবিষ্যত্ ভালো থাকার কথা নয়।’
হরতালবিরোধী ওই অবস্থানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম, সুদীপ রায় নন্দী প্রমুখ বক্তব্য দেন।

রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, হাজারীবাগ, শংকর, কারওয়ান বাজার, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন। এ ছাড়া মোটরসাইকেল নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে শোডাউন করছেন।