খালেদা জিয়ার আটটি ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আটটি ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে তিনি বলেন, হিসাব জব্দ থাকায় খালেদা জিয়ার ব্যয়নির্বাহে কিছু সমস্যা হচ্ছে।
দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ বিষয়ে কথা বলেন। ব্যাংক হিসাব জব্দ থাকায় খালেদা জিয়ার জীবনযাপনের ব্যয় কীভাবে বহন করা হচ্ছে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা ব্যক্তিগত বিষয়। এর জন্য দল ও পরিবার আছে। ব্যয়নির্বাহে কষ্ট হচ্ছে বলেই তো ব্যাংক হিসাব খোলার কথা বলা হচ্ছে। বিষয়টি জনসমক্ষে আনতে চাই না।’
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জব্দ হিসাব খোলার ব্যাপারে কোনো আবেদন করা হয়নি বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আবেদন করা হয়েছিল। প্রতিবছর কি আবেদনের প্রয়োজন আছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৭ সালের ‘অবৈধ ও অসাংবিধানিক’ তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর তাঁর সবগুলো ব্যাংক হিসাব জব্দ করা হয়। এনবিআরের কোনো মামলা না থাকা সত্ত্বেও হিসাবগুলো আর খুলে দেওয়া হয়নি। এতে আরও বলা হয়, যে আটটি ব্যাংক হিসাবের কথা বলা হয়েছে, তার ছয়টিতে তেমন কোনো অর্থ জমা নেই। বহু বছর ধরে কোনো লেনদেনও হয় না। মাত্র দুটি ব্যাংক হিসাবে লেনদেন হয় এবং সেখানে বাড়িভাড়াসহ অন্যান্য খাতে অর্জিত টাকা নিয়মানুযায়ী জমা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সবকিছু স্বচ্ছ ও আইনানুগভাবে পরিচালিত হওয়া সত্ত্বেও সরকারের মন্ত্রী ও নেতারা অহেতুক ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন।
লিখিত বক্তব্যে খালেদা জিয়ার ব্যাংক হিসাব নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ সদস্যদের বক্তব্যের নিন্দা জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের জন্য দুঃখ প্রকাশ না করে ও জব্দ হিসাব খুলে না দিয়ে এ নিয়ে অপ্রাসঙ্গিক সমালোচনায় লিপ্ত হয়েছেন। এটা দুর্ভাগ্যজনক, অন্যায় এবং নিন্দনীয়। ব্যাংক হিসাব খোলা নিয়ে সরকারদলীয়দের ষড়যন্ত্র খোঁজা অশালীন ও কুরুচিপূর্ণ। সরকার অস্তিত্বের সংকটে পড়েছে। অস্বাভাবিক উচ্চকণ্ঠ কিংবা খিস্তিখেউর করে অস্তিত্ব সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না।