খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এ মামলায় তদন্তকারী কর্মকর্তাকে খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ হওয়ার পর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
খালেদা জিয়া গতকাল আদালতে উপস্থিত ছিলেন। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজও এই আদালতে চলছে।
খালেদা জিয়া বেলা পৌনে ১১টার দিকে আদালতে উপস্থিত হন। তাঁর পক্ষে তদন্তকারী কর্মকর্তাকে জেরা শেষ হলে ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাঁর আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়। তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আবদুর রেজাক খান, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
খালেদা জিয়া বেলা পৌনে একটার দিকে আদালত ত্যাগ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় দুদকের পক্ষে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আদালত আসামিপক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন। আসামিপক্ষে সাফাই সাক্ষী না দিলে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হবে। যুক্তিতর্ক শেষ হলে রায়ের দিন ধার্য করবেন আদালত।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।