জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরার জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল জেরার ধার্য দিনে সময়ের আবেদন করা হলে আদালত এ তারিখ ধার্য করেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য গতকাল ছিল ধার্য দিন। বেলা সোয়া ১১টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। তাঁর সঙ্গে নাতনি জাফিয়া রহমান ছিল। সে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের বড় মেয়ে।
খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আদালতকে বলেন, এই মামলায় উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদন আদালত নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা প্রয়োজন। শুনানি শেষে ৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন আদালত।
এ মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম এবং মনিরুল ইসলাম খান। তাঁদের মধ্যে হারিছ চৌধুরী পলাতক। বাকিরা জামিনে আছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে ২০১০ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।