
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ২৩ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
গতকাল এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির ছিলেন। আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন, গত ১৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তাকে আবার জেরা করার আবেদন আদালত নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তা শুনানির জন্য আছে। তাই সময় প্রয়োজন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করে বলেন, উচ্চ আদালত মামলার কার্যক্রম স্থগিত করেননি। তাই মামলার কার্যক্রম চালাতে বাধা নেই।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন, হাইকোর্ট এই আদালতের আদেশ বহাল রেখেছেন। এরপর আসামিপক্ষ সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। এখন আপিল বিভাগ কী সিদ্ধান্ত দেন, এ জন্য ২৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি রাখা হলো।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অপর তিন আসামি হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম।
আদালতে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, মাসুদ তালুকদার প্রমুখ।
একই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বিচারাধীন। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।