খালেদা জিয়ার আন্দোলনে মরা গাঙে জোয়ার আসবে না: ওবায়দুল

যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনের পর বিএনপির মরা গাঙে খালেদা জিয়ার আন্দোলনে জোয়ার আসবে না। তাঁর হুঙ্কার আষাঢ়ের তর্জন-গর্জনেই শেষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
সভায় জানানো হয়, আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে।
ওবায়দুল কাদের বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি যে সফলতা পেয়েছিল, সেটা আওয়ামী লীগের অংশীদার হিসেবে পেয়েছিল। এককভাবে তাদের আন্দোলনে কোনো সফলতা নেই। গত পাঁচ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। বিএনপির আন্দোলনের ভাঙা হাট আর জমবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘উপজেলা নির্বাচনের পর তিনি (খালেদা জিয়া) আন্দোলন করবেন। সাত সাতটি সিটি করপোরেশনে জয়ের পরও যারা আন্দোলন করতে পারেনি, উপজেলা চেয়ারম্যানদের নিয়ে আন্দোলন করতে পারবে কি না, আমার তা নিয়ে সন্দেহ হয়। খালেদা জিয়ার নবতর আন্দোলনের হুমকি নিরাশার নামান্তর।’ তিনি আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়ার আবার ক্ষমতায় যাওয়ার সাধ জেগেছে। আগাম নির্বাচনের জন্য তিনি পাঁয়তারা করছেন। তাঁর রক্তপিপাসু মনোবাসনা এখনো পূরণ হয়নি। আরও রক্ত চাইতে তিনি এখন আন্দোলনের হুমকি দিচ্ছেন।’ তাঁর যে জনসমর্থন নেই আগামীকালের জনসভায় উপস্থিত হওয়ার মাধ্যমে তা প্রমাণের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।