খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগপ্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ চলছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো শুনানি নেন।
এ দুটি মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। মামলা দুটিতে বিচারক নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে দুটি রিট করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠানো হয়। ১৯ জুন ওই বেঞ্চ রিট দুটি খারিজ করেন। এ আদেশ স্থগিত চেয়ে খালেদা জিয়া আবেদন (সিএমপি) করেন। পরে লিভ টু আপিল করা হয়। ৪ সেপ্টেম্বর লিভ টু আপিলের শুনানি শুরু হয়।
গতকাল খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। আজ সোমবারও শুনানি হওয়ার কথা।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ দুই মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর ধার্য রয়েছে।