জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন আপিল বিভাগেও খারিজ হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগও খারিজ করেছেন। ফলে নিম্ন আদালতে এই মামলার পরবর্তী ধার্য তারিখে শুনানি হতে বাধা নেই।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই মামলার বিচারকাজ চলছে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ৩ মার্চ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য খালেদা জিয়ার করা আবেদন গত বছরের জুনে খারিজ করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ইতিমধ্যে এই মামলায় বাদীর জবানবন্দি শেষ হয়েছে। তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন।