নিম্ন আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা পৃথক দুটি আবেদন বৃহস্পতিবার কার্যতালিকায় আসবে। গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করা হয়।
আইনজীবী সূত্র জানায়, ওই দুটি মামলা অন্য আদালতে স্থানান্তরের বিষয়ে গত ২৮ জানুয়ারি হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া। গত রোববার আবেদন দুটি আদালতে উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল আবেদন দুটি উপস্থাপন করেন আইনজীবী এম বদরুদ্দোজা। সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী এবং এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল খালেক।
পরে এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন স্বাভাবিক নিয়মে আবেদন দুটি শুনানির জন্য বৃহস্পতিবার কার্যতালিকায় আসবে। আশা করা যাচ্ছে ওই দিন শুনানি হবে।
বড়পুকুরিয়া দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে রুল শুনানির জন্য আজ মঙ্গলবার কার্যতালিকায় আসবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ দিন ধার্য করেন।
পরে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এ মামলায় খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন। রুল শুনানির জন্য মঙ্গলবার কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত।