বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছেন, অভিযোগে খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই বলে শুনানিতে তাঁর আইনজীবীরা বলেছিলেন। কিন্তু মামলার এজাহার ও অভিযোগপত্রে তাঁর নাম এসেছে। তাই তিনি দোষী না নির্দোষ, তা নিম্ন আদালতে সিদ্ধান্ত হবে বলে হাইকোর্ট বলেছেন। গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের এক আদেশে মামলাটি বাতিল প্রশ্নে রুল ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। পরদিন রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন হাইকোর্ট। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আনিসুল হক শুনানি করেন। দুদুকের কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে অব্যাহতির জন্য খালেদা জিয়া আবেদন করেছিলেন। হাইকোর্ট বাতিল আবেদন খারিজ করে রায় দিয়েছেন। ফলে মামলা চলতে বাধা নেই, যদি না আপিল বিভাগ স্থগিতাদেশ দেন। জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন বলেন, প্রাথমিকভাবে আপিলের নির্দেশনা রয়েছে। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি করে দুদক। পরের বছর ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।