খালেদা জিয়ার আবেদন খারিজের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নেওয়া সাক্ষীদের নতুন করে সাক্ষ্য নিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেওয়া আদেশ বহাল রয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।
এর আগে খালেদা জিয়ার এক আবেদনের শুনানি নিয়ে ৭ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর বিরুদ্ধে করা নাইকো মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন। এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করে, যা গতকাল চেম্বার বিচারপতির আদালতে ওঠে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি ১৬ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই মামলায় ৩২ জনের পুনরায় সাক্ষ্য নিতে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকল। বিচারিক আদালতে স্বাভাবিক নিয়মে মামলাটির কার্যক্রম চলবে। নাইকো মামলার বিষয়ে খুরশীদ আলম খান বলেন, নাইকো মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদনটি করে, চেম্বার বিচারপতি ১৬ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠিয়েছেন।
এই মামলায় ৩২ জন সাক্ষী রয়েছেন। শপথ আইন অনুসারে সাক্ষীরা শপথ নেননি দাবি করে নতুন করে তাঁদের সাক্ষ্য নিতে বিচারিক আদালতে আবেদন করেছিলেন খালেদা জিয়া। সে আবেদন খারিজ হলে ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন আবেদন করেন। শুনানি নিয়ে গত ১২ জানুয়ারি হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।