খালেদা জিয়ার আবেদন নিয়ে রায় ৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন দুটি রায়ের জন্য হাইকোর্টের ৫ আগস্টের কার্যতালিকায় এসেছে। খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত ১৭ জুন খালেদা জিয়ার দুই আবেদনের ওপর শুনানি শেষ হয়। এরপর রায় অপেক্ষমাণ রাখেন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয় সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে এ মামলাটি করে দুদক।
২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।
২০০৭ ও ২০০৮ সালে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন। চলতি বছরের শুরুর দিকে এ মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক।