বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের বিষয়ে রায় না দিয়ে তা পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন হাইকোর্ট। গ্যাটকো ও নাইকো দুর্নীতির তিন মামলায় খালেদা জিয়ার করা আবেদনও প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন আদালত।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালত বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা অনৈতিক ও অপেশাদারি আচরণ করছেন।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না। আদালত বলেছেন, যেহেতু তাঁরা (খালেদা জিয়ার আইনজীবীরা) সহযোগিতা করছেন না, সেহেতু বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়ার আবেদনের বিষয়ে রায় না দিয়ে তা পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো। একই সঙ্গে গ্যাটকো দুর্নীতির দুটি ও নাইকো দুর্নীতির একটি মামলায় পরবর্তী শুনানির বিষয়টিও প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন আদালত।