খালেদা জিয়ার আবেদন শুনতে বিব্রত বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নেওয়া ৩২ জনের সাক্ষ্য বাতিল চেয়ে নতুন করে সাক্ষ্য নিতে নির্দেশনা প্রদানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি।
গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি উত্থাপন করা হয়। পরে বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করার কথা জানান বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
গত মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, বেঞ্চের একজন বিচারপতি আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন। ওই মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার বাকি বক্তব্য উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে। এই কার্যক্রম চলতে আইনগত বাধা নেই।
আইনজীবী সূত্র জানায়, এই ৩২ জনের নেওয়া সাক্ষ্য বাতিল করে পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য বিচারিক আদালতে আবেদন হলে ১ ডিসেম্বর আবেদনটি খারিজ হয়। এর বিরুদ্ধে ওই রিভিশন আবেদনটি করা হয়। এতে বলা হয়, সাক্ষ্য নেওয়ার আগে সাক্ষীদের শপথ নিতে হয়। এ ক্ষেত্রে এটি অনুসরণ করা হয়নি বলে তা বিবৃতি। আইনের বিধান অনুসারে নতুন করে ৩২ জনের সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আর এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।