জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের বিষয়ে আদেশের জন্য ২৯ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। গতকাল বাদীর সাক্ষ্য বাতিলের জন্য খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী ও মো. জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার আরেক আইনজীবী এ কে এম এহসানুর রহমান পরে প্রথম আলোকে জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ জুন ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। টানা তিন দিন শুনানি শেষে গতকাল আদেশের দিন নির্ধারণ করেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।