খালেদা জিয়ার আবেদনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর গতকাল বুধবার শুনানি হয়েছে। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। আজ বৃহস্পতিবারও শুনানি হবে।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ গঠন করা হয়নি। রাষ্ট্রপক্ষ বলে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগ গঠন করা হয়েছে।
গত রোববার খালেদা জিয়া আবেদন করেন। মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজিও জানানো হয়। গত ১৯ মার্চ এই দুই মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।