খালেদা জিয়ার আবেদনের শুনানি পিছিয়েছে
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজের বিরুদ্ধে তাঁর করা আবেদনের শুনানি পিছিয়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
শুনানির শুরুতে সময় চেয়ে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী জানান, রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি পাননি।
রাষ্ট্রপক্ষে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন বিরোধিতা করে জানান, তিনি আদেশের অনুলিপি পেয়েছেন। পরে আদালত ১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।