নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমতি চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
এর আগে গত ১৮ জুন নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল খারিজ করে দেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিয়ে হাইকোর্টের রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। তবে জামিন অপব্যবহার না করার শর্তে বিচারিক আদালত তাঁর জামিন বিবেচনা করবেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া। গতকাল বুধবার চেম্বার আদালতে ওই আবেদনের ওপর শুনানি হয়।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘শুনানির সময় আমি বলেছি, হাইকোর্টের নির্দেশনা অনুসারে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করে তারপর আপিল করতে হবে। কারণ হাইকোর্ট তাঁকে জামিন দেননি। তাই আত্মসমর্পণের আগে তিনি আপিল করতে পারেন না। আদালত এ বিষয়ে দুই পক্ষকে আইনকানুন দেখে আসতে বলে শুনানি এ সপ্তাহের জন্য মুলতবি করেছেন।’
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন হাইকোর্ট। প্রায় সাত বছর পর চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নেয় দুদক।