জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য পুনরায় তলবের আবেদন নাকচের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রেখেছেন আদালত। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান।
গত ১৭ এপ্রিল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য থাকলেও তাঁর আইনজীবীরা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে নতুন করে সাক্ষ্য গ্রহণ ও জেরার আবেদন করেন। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত তা নাকচ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন খালেদা জিয়া।