জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য পুনরায় তলবের আবেদন নাকচের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর আজ বুধবার শুনানি হতে পারে। গতকাল মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে খালেদা জিয়ার দুটি আবেদন দাখিল করা হলে আদালত বলেন, বুধবার আবেদন দুটি তালিকায় আসবে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদন দুটি দাখিল করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে উপস্থিত ছিলেন খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান।
পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, গত রোববার খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন থাকলেও তাঁর আইনজীবীরা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত তা নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত সোমবার রিভিশন মামলা করেন খালেদা জিয়া। খুরশীদ আলম খান আরও বলেন, আবেদন দুটি আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা দাখিল করার পর আদালত বলেছেন, আবেদনপত্র হিসেবে আবেদন দুটি বুধবার তালিকায় আসবে। এ আবেদনের ওপর আজ বুধবার শুনানি হতে পারে।
আগামী ২৫ এপ্রিল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি দিন ধার্য রয়েছে।