জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট ও আবেদন খারিজের বিরুদ্ধে তাঁর করা আবেদন ও লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানির দিন ধার্য করেন।
এর মধ্যে ওই মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আবেদন (সিএমপি) শুনানির দিন ধার্য করা হয়েছে ২১ জুলাই। আর মামলা দুটিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন (রিভিশন) খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করা হয়।
ওই দুই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা দুটি রিট গত ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ৭ জুলাই আবেদন (সিএমপি) করেন তিনি। পরদিন চেম্বার বিচারপতির আদালতে আবেদন উপস্থাপন করা হলে আদালত ১৩ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
গতকাল আপিল বিভাগে বিষয়টি উপস্থাপিত হলে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আবেদন জানান। পরে আদালত ২১ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই দুই মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই আদেশ বাতিল চেয়ে ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদন দুটি ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে ৭ জুলাই লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লিভ টু আপিলের বিষয়টি উপস্থাপন করেন। পরে আদালত ২৪ জুলাই তারিখ ধার্য করেন।