জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদনের ওপর শুনানি আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন। ৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদন দুটি শুনানির জন্য উত্থাপন করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ আদালতের শুনানি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে আদালত এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে ১২ জানুয়ারি প্রধান বিচারপতি স্থগিতের আবেদন দুটি শুনানির জন্য ওই বেঞ্চে পাঠান।