খালেদা জিয়ার আরও চার মামলার কার্যক্রম স্থগিত
নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরও চার মামলার কার্যক্রম স্থগিত হয়েছে।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসব মামলায় স্থগিতাদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা বাদল ও সানজীদ সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা চার মামলার কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে এই চারটি মামলার মধ্যে তিনটি হয় ২০১৫ সালের ৩ ও ২৩ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানায়। অপরটি হয় একই বছরের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায়।
এর আগে ৯ এপ্রিল খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে ওই দুই মামলার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন।
দুই আবেদন নাকচ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় শুনানির দিন ধার্য থাকায় খালেদা জিয়া গতকাল বেলা ১১টার দিকে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে যান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আইনজীবী জমির উদ্দিন সরকার আদালতের প্রতি অনাস্থার এবং মামলাটি অন্য আদালতে বদলির আদেশ চেয়ে আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন এবং শুনানির জন্য ১৮ মে নতুন দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আইনজীবীরা মামলাটি অন্য আদালতে বদলির আবেদন জানান। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা ওই আবেদন নাকচ করেন এবং ২৭ এপ্রিল শুনানির নতুন দিন ধার্য করেন।
খালেদা জিয়া দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বর ত্যাগ করেন।