খালেদা জিয়ার আরও চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল
নাশকতা ও সহিংসতার অভিযোগে পাঁচ বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দুই থানায় করা পৃথক চার মামলার কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। তবে এ বিষয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রুল দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৭ আগস্ট বিএনপি জোটের হরতালের সময় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দুই থানায় করা পৃথক চার মামলার কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল থাকে।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল।
পরে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের নাশকতা ও সহিংসতার ঘটনায় ২০১৫ সালে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় দুটি করে পৃথক চারটি মামলা হয়। এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। তবে এসব মামলায় ২০১৬ সালে অভিযোগপত্র দেওয়া হয়। এতে বিএনপি চেয়ারপারসনের নাম যুক্ত করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত। চার মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ওই মামলাগুলোর কার্যক্রম চলবে না।
আইনজীবী সূত্র বলছে, ২০১৫ সালে করা ওই চার মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। এসব আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের মে মাসে হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।