খালেদা জিয়ার উসকানি সত্ত্বেও সরকার সংলাপের জন্য প্রস্তুত: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উসকানি সত্ত্বেও সরকার সংলাপে বসার জন্য প্রস্তুত আছে।গতকাল বুধবার রাজধানীতে মুক্তিযুদ্ধবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) ‘মুক্তিযুদ্ধে গণমানুষের ভূমিকা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। বিস বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ পাঠ করেন মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী ও বিসের গবেষণা পরিচালক শাহীন আফরোজ। দীপু মনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সেনাবাহিনীকে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে উসকানি দিচ্ছেন। এর আগেও তিনি অতীতে বিদেশি পত্রিকায় প্রবন্ধ লিখে বিদেশিদের হস্তক্ষেপ করতে বলেছিলেন। তবে এসব সত্ত্বেও গণতান্ত্রিক ধ্যান-ধারণায় বিশ্বাসী আওয়ামী লীগ আলোচনার জন্য সব দরজা খোলা রেখেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা সব সময় সংলাপের জন্য প্রস্তুত। কারণ, আমরা চাই দেশ তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে।’সংলাপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বক্তব্যের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপ নিয়ে রাষ্ট্রদূতদের আহ্বানের বিষয়টি জরুরি নয়। সংলাপের প্রয়োজন হলে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেটাই জরুরি।সেমিনারে ‘মুক্তিযুদ্ধে প্রচলিত ও অপ্রচলিত কাঠামোর সংমিশ্রণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যতম কোম্পানি কমান্ডার ও সামরিক-বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী। তিনি বলেন, একাত্তরের ১২ থেকে ১৫ জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কমান্ডারস কনফারেন্সে সভাপতিত্ব করেন। ওই কয়েক দিনের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের সীমানা পুনর্নির্ধারণ, মুক্তিবাহিনীর শ্রেণীকরণ ও দায়িত্ব বণ্টন, সশস্ত্র তৎপরতার লক্ষ্য ও পরিসীমা নির্ধারণ, দেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি স্থাপন, প্রতিপক্ষের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ ও যোগাযোগের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া ‘মুক্তিযুদ্ধে গণমানুষের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধটি পড়েন। মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের নায়ক আমাদের দেশের গণমানুষ এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য আমাদের সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে এই গণমানুষই হবে স্বাধীনতা রক্ষার মূল নিয়ামক। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদুল হক।