খালেদা জিয়ার কঠোর সমালোচনায় সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাংসদেরা। আজ রোববার জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার সমালোচনায় ফেটে পড়েন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। তাঁদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন, খালেদা জিয়ার সম্প্রতি যেসব কথা বলেছেন তা রাষ্ট্রদ্রোহের শামিল। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত বলেও তাঁরা মত দেন।
তোফায়েল আহমেদ বলেছেন, ‘কোনো কোনো কারণে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। টেনশন, কষ্টে, দুঃখে অনেক সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তখন মানুষ আবোল-তাবোল বকতে পারে।...কোথা থেকে জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি?’
তোফায়েল আহমেদ বিচিত্রায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জাতির জনকের হত্যায় জিয়াউর রহমানের নাম এসেছে। দেশের যা ক্ষতি করা সম্ভব তিনি করেছেন। কিন্তু তিনি লেখার মধ্যে সত্য বলেছেন।’ তোফায়েল বলেন, ‘ওই নিবন্ধে জিয়াউর রহমান বলেন, “১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে জাতি।” তিনি আরও বলেছিলেন ৭ মার্চের ঐতিহাসিক ঘোষণা ছিল, “গ্রিন সিগন্যাল”।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, খালেদা জিয়া যা বলেছেন তা অনৈতিক, অসাংবিধানিকও বটে।...ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃতির জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হোক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, যে কাউকে সংসদে ডেকে কৈফিয়ত তলব করার এখতিয়ার আছে সংসদের। খালেদা জিয়াকে তলব করা হোক।
চট্টগ্রাম থেকে নির্বাচিত জাসদের সাংসদ মইনউদ্দিন খান বাদল খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে বলতে হবে ২৬ মার্চ আপনার স্বামী কর্ণফুলী নদী অতিক্রম করেছিলেন কি না?...২৬ মার্চ গোটা উত্তরবঙ্গ ফুঁসে উঠেছিল। শফিউল্লাহ গাজীপুরে পজিশন নিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ায় পজিশন নিয়েছিল খালেদ মোশাররফ...।’
বাদল আরও বলেন, খালেদা জিয়া যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতা। এ বিষয়ে সংসদ যদি ব্যবস্থা না নেয়, তাহলে সংসদ তার ভূমিকা যথাযথভাবে পালন করেছে বলে বিবেচিত হবে না।
মাগরিবের নামাজের বিরতির আগে নজিবুল বাশার মাইজভান্ডারি বলেন, ‘খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেন আমি এই মামলা করতে প্রস্তুত আছি।’
আলোচনায় আরও অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম, জাতীয় পার্টিও সাংসদ কাজী ফিরোজ রশীদ।