জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি হবে আগামী ২৭ নভেম্বর। গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এই দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করেন। ২৩ এপ্রিল আবেদন দুটি খারিজ হয়। আদেশের বিরুদ্ধে গত ৭ জুলাই পৃথক দুটি লিভ টু আপিল করা হয়।
এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ক্ষেত্রে করা লিভ টু আপিল শুনানির দিন ধার্যের জন্য গতকাল চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, চেম্বার বিচারপতি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ক্ষেত্রে করা লিভ টু আপিল শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন। আইনগতভাবে ধার্য তারিখের আগে আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে এই মামলার কার্যক্রম চলবে না বলে তিনি দাবি করেন।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে ওই মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। কারণ ওই মামলার কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ নেই। লিখিত আবেদনে স্থগিতাদেশ চাওয়া হলেও আবেদনকারীপক্ষ তা আদালতে উপস্থাপন না করে শুনানির দিন ধার্যের আবেদন করে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলা দুটি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার পক্ষে গত সোমবার এ আদালতের প্রতি অনাস্থা জানানো হয়। একই আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য রয়েছে।