খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে মুঠোফোন সেবা বন্ধ
‘নিরাপত্তার’ কারণে সরকারি নির্দেশে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের আশপাশের এলাকায় মুঠোফোন সেবা বন্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র, বিভিন্ন মুঠোফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সকাল থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয় এলাকায় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছিলেন না। বিকেল চারটার পর থেকেই ওই এলাকায় নেটওয়ার্ক একেবারেই ছিল না।
একাধিক সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকালে জ্যামার লাগিয়ে মুঠোফোন নেটওয়ার্কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন। কিন্তু তাতে পুরোপুরি সফল হতে না পেরে তাঁরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শরণাপন্ন হন।
পরে বিটিআরসি সব কটি মুঠোফোন কোম্পানি ও ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে ওই এলাকায় ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে সব ধরনের মুঠোফোন সেবা বন্ধ রাখার নির্দেশনা পাঠায়। এরপর গুলশান ২ নম্বরের কিছু এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না।
গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, ‘গুলশান ২ নম্বরের একটি বিশেষ ঠিকানায় মুঠোফোন (ভয়েস ও ডেটা) সেবা বন্ধ করার জন্য ৩১ জানুয়ারি শনিবার বিকেল ৩টা ৩৮ মিনিটে গ্রামীণফোন এবং অন্যান্য মোবাইল ও ওয়াইম্যাক্স অপারেটর বিটিআরসির কাছ থেকে একটি লিখিত নির্দেশনা পায়।’