খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করলেন গোপালগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলার নামবদলের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর শাহবাগে খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছেন গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে কয়েক শ বিক্ষুব্ধ গোপালগঞ্জবাসী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানাতে ঝাড়ু নিয়ে জড়ো হন। তাঁরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, শুধু গোপালগঞ্জ নয়, খালেদা জিয়া এ দেশেরই নাম বদলানোর পাঁয়তারা করছেন। তিনি দেশকে পাকিস্তান বানাতে চান। তাঁর এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে খালেদা জিয়াকে অবাঞ্ছিত ও প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে সমাবেশের সমন্বয়ক মোল্ল্যা মোহাম্মদ আবু কাওছার, কাজী আকরাম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।