খালেদা জিয়ার চার আবেদনের শুনানি ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজের বিরুদ্ধে (খালেদা জিয়া) করা আবেদনের শুনানি পিছিয়েছে।

আগামী ২৪ জুলাই এ-সংক্রান্ত দুটি লিভ টু আপিলের সঙ্গে এ আবেদনের শুনানি হবে। আজ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ওই মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগপ্রক্রিয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে করা আবেদন (সিএমপি) শুনানির জন্য ২১ জুলাই তারিখ ধার্য করা হয়। এ মামলা দুটিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন (রিভিশন) খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৪ জুলাই দিন ধার্য করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।