খালেদা জিয়ার জনসভার পর ময়মনসিংহ বিএনপি চাঙা!
দ্বন্দ্ব-কোন্দলে জর্জরিত ময়মনসিংহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। রয়েছে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ।সেই নেতা-কর্মীরা এবার এক হয়ে গত বৃহস্পতিবার ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা সফলভাবে আয়োজন করেছেন। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই দূর হয়ে গেছে বলে মনে করছেন বিএনপির নেতারা। তবে নেতাদের এ ঐক্য কত দিন থাকবে, তা নিয়ে কর্মীরা শঙ্কিত। অনেকের মতে, জেলার শীর্ষস্থানীয় সব বিএনপি নেতা জনসভার জন্য এক হয়ে কাজ করলেও সংস্কারপন্থী হিসেবে পরিচিতদের অনেকেই এখনো দলীয় কর্মকাণ্ডে ফিরতে পারেননি। আর এই ঐক্য ধরে রাখতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন এবং অপূর্ণাঙ্গ কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে হবে।জনসভা সফল দাবি করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতৃত্বে কোনো কোন্দল নেই, প্রতিযোগিতা রয়েছে। আর এ জনসভাকে সফল করতে গিয়ে আমরা একাট্টা হয়েছি। সমাবেশ শেষে নেত্রী (খালেদা জিয়া) আমাদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করে ঐক্য ধরে রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন।’চার ভাগে বিভক্ত জেলা বিএনপি: বিএনপি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আবু ওয়াহাব আকন্দ নির্বাচিত হন। তাঁদের কারণে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত। সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খানও শক্ত অবস্থান নিয়ে দলে ফেরার চেষ্টা করছেন। উত্তর জেলা বিএনপির সভাপতি হয়েছেন আফজাল এইচ খান, সাধারণ সম্পাদক হয়েছেন মোতাহার হোসেন তালুকদার। সেখানে এ দুজন আছেন এক পক্ষে। অন্য পক্ষে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ শহীদ সারওয়ার, নির্বাহী কমিটির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন এবং নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি খুররম খান চৌধুরী।ওই দুটি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় দলীয় কোন্দল ও বিভক্তি আরও বাড়ে। তবে জনসভা ঘিরে বিএনপির নেতাদের এক হয়ে কাজ করতে দেখা গেছে। জনসভার দিনেও দুই পাশে ছিল যুবদল: ২০০৪ সালে শাহ শিব্বির আহমেদ বুলুকে সভাপতি ও এনামুল হক আকন্দকে (বিএনপির নেতা আবু ওয়াহাব আকন্দের আপন ভাতিজা) সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি করা হয়। ওই কমিটি এখনো বলবৎ রয়েছে। দক্ষিণ জেলা যুবদল বর্তমানে শিব্বির ও এনামুল—এ দুই ভাগে বিভক্ত। দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে রয়েছে ক্ষোভ।বৃহস্পতিবারের জনসভায় শিব্বির আহমেদ তাঁর সমর্থকদের নিয়ে সার্কিট হাউস ময়দানের পশ্চিম পাশে এবং এনামুল ময়দানের পূর্ব পাশে অবস্থান নেন।এদিকে উত্তর জেলা যুবদলের সভাপতি হলেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার; সাধারণ সম্পাদক হলেন কামরুজ্জামান লিটন। দুই বছর আগে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।এত দ্বন্দ্ব-কোন্দলের পরও বিএনপির নেতারা মনে করছেন, সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোজাউদ্দৌল্লা সোজা বলেন, ‘জনসভাকে ঘিরে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ কাজ এবং সাধারণ মানুষের সরকারবিরোধী মনোভাবের কারণে এমন সফল সমাবেশ হয়েছে। এ সুযোগটি কাজে লাগাতে কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে সাংগঠনিক শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। তবেই এ ঐক্য দীর্ঘস্থায়ী হতে পারে।’খালেদা জিয়ার এ জনসভার মধ্য দিয়ে শুধু বিএনপি নয়, চারদলীয় ঐক্যজোটের নেতাদের মধ্যে ঐক্য সুদৃঢ় হয়েছে বলে মনে করেন শহর মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমীন পারভীন। তিনি বলেন, ‘জনসভাকে ঘিরে আমাদের অভ্যন্তরীণ অনেক কোন্দলের সমাপ্তি হয়েছে।’এদিকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলাম। ১৭ অক্টোবর দেশে ফিরে সভাপতি মোশাররফ হোসেনের কাছে সমাবেশকে ঘিরে আমার ভূমিকা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি কেন্দ্রীয় নেতাদের দেখিয়ে দেন। আসলে নতুন কমিটি গঠন না করার মধ্য দিয়ে দলীয় কর্মকাণ্ডকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। বিষয়টি দলের কর্মী-সমর্থকেরা নিশ্চয়ই ভালোভাবে নিচ্ছেন না।এ ব্যাপারে বিএনপির নেতা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেন, ‘সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে আমাদের সবাইকে এক হতে হবে। এ জন্য খুব শিগগির দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’সাবেক সাংসদ দেলোয়ারের বক্তব্য প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘দলে ফেরা নিয়ে সংস্কারপন্থীদের কাউকে বাধা দিইনি। চেয়ারপারসনের সমাবেশের মাধ্যমে সবাই এক হয়ে গেছি। কেউ পিছিয়ে থাকলে আমাদের তো কিছু করার নেই।’