খালেদা জিয়ার জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭২তম জন্মদিন। গত বছরের মতো এবারও বিএনপি ঘটা করে দিনটি পালন করছে না। তাঁর এই জন্মদিন পালন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে।

প্রতিবছর ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই রেওয়াজ শুরু হয়েছিল ১৯৯৬ সালে, বিএনপি বিরোধী দলে যাওয়ার পর থেকে। গত বছর প্রথমবার খালেদা জিয়া কেক কাটা থেকে বিরত থাকেন। এবারও দলটি এ ধরনের কোনো কর্মসূচি নেয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়া এখন অবস্থান করছেন লন্ডনে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, বন্যা, রাজনৈতিক সংকট ও চেয়ারপারসনের অসুস্থতার কারণে এবার কোনো কর্মসূচি পালনের নির্দেশনা তাঁরা পাননি। দলের নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া করতে বলা হয়েছে।

বিএনপির যুব সংগঠন যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খালেদা জিয়ার জন্মদিনে যুবদল সারা দেশে দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছুসংখ্যক বিপথগামী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। একই দিনে খালেদা জিয়ার জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা।