খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত মামলাটি প্রধান বিচারপতির কাছে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনসংক্রান্ত মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের একক বেঞ্চ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠান।জানা যায়, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে অ্যাডভোকেট সারওয়ার্দী ১৯৯৭ সালের ২০ আগস্ট নিম্ন আদালতে মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১১ আগস্ট খালেদা জিয়া ওই মামলা বাতিলের আবেদন জানালে নিম্ন আদালত তা নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে খালেদা জিয়া রিভিশন দায়ের করলে হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করে দেন। পাশাপাশি রুল জারি করা হয়। গত বছরের ২৬ আগস্ট বিষয়টি কার্যতালিকায় আসে। ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে খালেদা জিয়ার পক্ষ থেকে তাঁর আইনজীবীরা গত ১৪ নভেম্বর ওই বেঞ্চে আবেদন করেন। খালেদা জিয়ার আবেদন আদালত অবমাননাকর দাবি করে সারওয়ার্দীর আইনজীবী আদালতে আবেদন জমা দেন। আবেদনের ওপর কয়েক দিন শুনানি গ্রহণ করে গত ১৩ ডিসেম্বর আদালত ৪ জানুয়ারি আদেশ প্রদানের দিন ধার্য করেন।খালেদার জামিনের মেয়াদ বৃদ্ধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের মেয়াদ বৃদ্ধির এ আদেশ দেন।