খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলার সূত্র ধরে জারি করা রুলের ওপর কাল বৃহস্পতিবার শুনানি হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ গতকাল মঙ্গলবার পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল আলম তালুকদার।শুরুতে রুহুল কুদ্দুস কাজল শুনানি মুলতবির আরজি জানিয়ে বলেন, এই মামলার মূল আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ। তাই সময় প্রয়োজন। আদালত বলেন, তিনি তো অসুস্থ। আদালতে আসেন না। রুহুল কুদ্দুস বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পরামর্শ ও আলোচনার বিষয় আছে। এ জন্য সময় প্রয়োজন। আদালত বলেন, ১৩ বছর আগে ১৯৯৯ সালে রুল হয়েছে। রুহুল কুদ্দুস আবারও সময়ের আরজি জানালে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আদালত বলেন, বৃহস্পতিবার আংশিক শ্রুত হিসেবে বিষয়টি কার্যতালিকার শীর্ষে থাকবে। ওই দিন কোনো পক্ষ সময় চাইলেও দেওয়া হবে না।জানা যায়, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে ১৯৯৭ সালের ২০ আগস্ট আইনজীবী মো. সোহরাওয়ার্দী নিম্ন আদালতে একটি মামলা করেন। ১৯৯৮ সালের ১১ আগস্ট খালেদা জিয়ার পক্ষে মামলাটির আরজি খারিজের আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত সহকারী বিচারক মো. শফিকুর রহমান ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর এই আবেদন খারিজ করেন। এর বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন দায়ের করলে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি আবেদন খারিজ করে দেওয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।গত সোমবার মূল মামলার বাদীপক্ষে আইনজীবী ফরিদুল আলম তালুকদার বিষয়টি শুনানির জন্য এ আদালতে উপস্থাপন করেন।