খালেদা জিয়ার জামিন বাতিল হবে কি না আদেশ ১৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কি না, সে বিষয়ে গতকাল সোমবার আদেশ হয়নি। এ বিষয়ে আদেশের জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান।

গতকাল এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। বিদেশে থাকায় খালেদা জিয়ার পক্ষে গতকালও সময়ের আবেদন করেন তাঁর আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোশাররফ হোসেন বলেন, আসামিপক্ষ মামলাটি বদলির জন্য হাইকোর্টে আবেদন করেছে। তা শুনানির অপেক্ষায় আছে, তা জানিয়ে আদালতে সময় চেয়েছে। আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেছেন।

পরে আদালত জামিন বাতিল হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেন।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রথম তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক নুর আহমেদকে গতকাল জেরার ধার্য দিন ছিল। তাঁকে আংশিক জেরা করা হয়। এ মামলায়ও ১৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।