জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিন আসামির জামিন বাতিল করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।
অপর যে দুই আসামির জামিন বাতিলের আবেদন করা হয়েছে তাঁরা হলেন সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
গতকাল এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। তিনি বিদেশে থাকায় গতকালও তাঁর পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোশাররফ হোসেন আদালতে খালেদা জিয়াসহ তিন আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।
আদালত খালেদা জিয়ার আইনজীবীকে কেন তাঁর জামিন বাতিল করা হবে না, এ বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার আদেশ দেন। পরে আদালত আদেশের জন্য দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়ার জামিন কেন বাতিল হবে না, সে বিষয়ে আদালত লিখিত বক্তব্য দিতে বলেছিলেন। আমরা লিখিত বক্তব্য দিয়েছি।’