বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে যেসব বক্তব্য দিয়েছেন, সে-সংক্রান্ত সংবাদ বুলেটিন পাওয়া গেলে তা প্রচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। জাতীয় সংসদে গতকাল রোববার নুরুল মজিদ হুমায়ূনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।নুরুল মজিদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ১৯৯৫ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো সংবাদ বুলেটিন বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভে সংরক্ষিত নেই। ওই সময়ের পত্রিকাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনো ডকুমেন্টস পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রচারের ব্যবস্থা করা হবে।বেনজীর আহমদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশের মোট ৬০টি পত্রিকা সাংবাদিক ও কর্মচারীদের সর্বশেষ ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করায় ছয়টি পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুতে ভর্তুকি ছয়-সাত হাজার কোটি টাকা হতে পারে: হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক জানান, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছয় থেকে সাত হাজার কোটি টাকা হতে পারে। এস এম আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি আনুমানিক ৩১০ মিলিয়ন ঘনফুট।নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সচিবালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন। এডিবির অর্থায়নে ছয়টি সিটি করপোরেশনেও সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি জানান, গত তিন বছরে ৩৩৭টি সিএনজি ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে। এ পর্যন্ত দুই লাখ তিন হাজার ৫০০টি যানবাহন সিএনজিতে রূপান্তর করা হয়েছে।৩০টি জাহাজ রপ্তানি করা হয়েছে: তারানা হালিমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৩০টি জাহাজ রপ্তানি করেছে। এর মধ্যে আনন্দ শিপইয়ার্ড ১৮টি এবং ওয়েস্টার্ন মেরিন ১২টি জাহাজ রপ্তানি করেছে। তিনি জানান, এই শিল্পকে গতিশীল করতে শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং বোর্ড গঠন করা এবং জাহাজনির্মাণ শিল্পের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।